[email protected] সোমবার, ২ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের চিত্র, ডিআইএর প্রকাশিত তালিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ৩:৩৯ পিএম

সংগৃহীত ছবি

দেশব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের তথ্য তুলে ধরে ৯৭৩টি প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)।

রোববার (১ মার্চ) সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে, পরিচালক অধ্যাপক এম এম সহিদুল ইসলাম জানান, ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যেসব প্রতিষ্ঠান পরিদর্শন ও নিরীক্ষার আওতায় এসেছে, সেগুলোর প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে এবং তালিকা ডিআইএর ওয়েবসাইটের নোটিশ বোর্ডে উন্মুক্ত করা হয়েছে।


প্রকাশিত তথ্যে জাল বা ভুয়া সনদ ব্যবহার, অগ্রহণযোগ্য সনদ, অবৈধ নিয়োগ, অর্থ আত্মসাৎ, ভ্যাট ও আয়কর সংক্রান্ত অনিয়মসহ নানা আর্থিক অসঙ্গতির বিষয় উঠে এসেছে।


ডিআইএ জানিয়েছে, প্রতিবেদনগুলোর অনুলিপি সংশ্লিষ্ট দপ্তর—যেমন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর—এ পাঠানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা শিক্ষা অফিস এবং প্রতিষ্ঠানের প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছেও ই-মেইলের মাধ্যমে কপি পাঠানো হয়েছে।


যদি কোনো প্রতিষ্ঠান নির্ধারিত ই-মেইলে প্রতিবেদন না পেয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের ডি-নথি সিস্টেম থেকে তা সংগ্রহ করা যাবে। সেখান থেকেও পাওয়া না গেলে, প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করে পরিচালক বরাবর পাঠাতে হবে এবং আবেদনপত্রের অনুলিপি নির্ধারিত ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে। আবেদন পাওয়ার তিন কর্মদিবসের মধ্যে পুনরায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানানো হয়েছে। প্রয়োজনে নির্দিষ্ট ফোন নম্বরেও যোগাযোগের সুযোগ রয়েছে।

ডিআইএর এ উদ্যোগকে শিক্ষা খাতে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিতের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর