নরসিংদীসহ সারাদেশে হওয়া ধর্ষণ ও নারীর উপর সহিংসতার ঘটনাসমূহের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় তারা অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না; ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকদের ফাঁসি চাই; দড়ি লাগলে দড়ি নেয়, ধর্ষকদের ফাঁসি দেয়, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা সাইজ কর সহ বিভিন্ন স্লোগান দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন এবং সোচ্চার আন্দোলনের নেতাকর্মীরা সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গতকাল নরসিংদীতে প্রথম ধর্ষণের পর যখন বিচার চাওয়া হয় তখন বাড়ি থেকে তুলে নিয়ে আবারো ধর্ষণ করে হত্যা করা হয়েছে।
যা একটি অতি মর্মান্তিক ঘটনা। আমরা দেখতে ধর্ষকরা রয়েছে বিএনপি নেতাকর্মীদের আশ্রয়ে।
এগুলো হচ্ছে সে-ই নেতাকর্মী যারা আগে আওয়ামীলীগ করতো কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের পরে তারা এখন বিএনপি করে। যারা এই ধর্ষণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাদের একমাত্র শাস্তি হবে ফাঁসি।
সোচ্চারের সভাপতি রাহাত আব্দুল্লাহ বলেন, গতকালকের ধর্ষণ কাণ্ডে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে মূল ধর্ষক এখনো ধরা ছোঁয়ার বাইরে।
শুনেছি যে তারা নাকি একটি রাজনৈতিক দলের প্রশ্রয়ে রয়েছে। আমরা জানতে চাই সেই ধর্ষণকারীর বিরুদ্ধে সেই দল কোনো ব্যবস্থা নিবে কী না। যদি না নেয় আমরা ভেবে নেব তারা ধর্ষকদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে।
যদি সেটা হয়ে থাকে জনগণ তাদের লাল কার্ড দেখাবে। অন্যথায় ধর্ষকদের বিচার নিশ্চিত করতে হবে।
ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন, গতকাল নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে আমরা দেখতে দেশে কোনো আইনের শাসন নেই। আর পর্যন্ত কোনো ধর্ষণের বিচার কোনো শাসনব্যবস্থা করতে পারে নাই।
শুধু দিন যায় দিন আসে ক্ষমতা পালাবদল হয়। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে যে ধরনের অন্যায় অবিচার, ধর্ষণ খুন যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সে-ই ধরণের অন্যায় অবিচার ধর্ষণ খুন এই নতুন সরকারে এসে একটি পক্ষ চালাচ্ছে।
তিনি আরো বলেন, ২৪ পরবর্তী আমরা বিভিন্ন ধর্ষণের বিচার চেয়ে মাঠে নেমেছিলাম কিন্তু দুঃখের বিষয় একটারো বিচার হয় নি।
আমরা আশাকরি বিএনপি সরকার এই সবগুলো ধর্ষণের বিচার করবেন। সেই সাথে গতকাল যে নির্মম নিষ্ঠুর ভাবে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই সমস্ত অপরাধীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে।
এসআর
মন্তব্য করুন: