২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভর্তির সময়সীমা একদিন বাড়িয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কর্তৃপক্ষ
এ, বি ও সি ইউনিটের বিভাগসমূহে প্রথম মেধা তালিকায় সুযোগ পাওয়া শিক্ষার্থীরা এ সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা যাবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত এবং ২৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের স্বশরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত হয়ে বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।
ভর্তির সময় প্রয়োজনীয় কাগজপত্র হিসেবে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূল কপি প্রদর্শন করে একটি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র/ট্রান্সক্রিপ্ট এবং সদ্য তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
ভর্তি ফি হিসেবে ১৪ হাজার ৬০০ টাকা নির্ধারিত ব্যাংকে পরিশোধ করতে হবে। এছাড়া ইউনিট ও বিভাগের উন্নয়ন ফিও দিতে হবে।
এদিকে, ভর্তি সম্পন্নকারী শিক্ষার্থীরা ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মাইগ্রেশন অন বা অফ করার সুযোগ পাবেন। তবে একবার মাইগ্রেশন অফ করলে তা পুনরায় চালু করা যাবে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল।
এসআর
মন্তব্য করুন: