কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), কুবি শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে এ আয়োজন করা হয়।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন ইউট্যাব কুবি শাখার সাধারণ সম্পাদক ও লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহিন উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার, ইউট্যাবের ভারপ্রাপ্ত সভাপতি ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক প্রমুখ।
আলোচনা পর্বে বক্তারা দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট, শিক্ষকদের অধিকার এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন নিয়ে মতামত তুলে ধরেন।
বক্তারা বলেন, বর্তমান পরিস্থিতিতে শিক্ষক সমাজের ঐক্য, ন্যায্য দাবি আদায় এবং সমতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেল ও অন্যান্য দাবির বিষয়েও দ্রুত অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, শিক্ষকদের মধ্যে সমন্বয় জোরদার করা সময়ের দাবি। প্রমোশনসহ বিভিন্ন প্রশাসনিক বিষয়ে যেন কোনো বৈষম্য না থাকে, সে বিষয়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও জানান, আয়োজনের অংশ হিসেবে দেশের প্রয়াত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন আন্দোলনে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ইফতার মাহফিলটি দোয়া ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।
এসআর
মন্তব্য করুন: