[email protected] মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
১১ ফাল্গুন ১৪৩২

জবি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে তামীম ও রাতুল

জবি প্রতিনিধি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৯:৫৩ পিএম

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (জেএনইউসিসি) ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য নতুন প্রেসিডেন্সিয়াল প্যানেল ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কে এম তামীম রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাব্বানী রাসা রাতুল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী কমিটিকে সংবর্ধনা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি ক্লাবের প্রথম প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (jnucc.org) উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।


উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, প্রশাসনিক ব্যস্ততার কারণে অনেক সময় সৃজনশীল উদ্যোগ বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তবুও শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ক্যারিয়ার ক্লাবকে আরও বিস্তৃত পরিসরে কাজ করতে হবে।

ছাত্র সংসদের সঙ্গে সমন্বয় করে নিয়মিত জব ফেয়ার আয়োজনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন এবং প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকার আশ্বাস দেন।


কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শিক্ষার্থীদের উদ্যোগে ক্যারিয়ার ক্লাব সক্রিয় ভূমিকা পালন করছে। তিনি শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন এবং নতুন কমিটিকে লক্ষ্যভিত্তিক কাজের মাধ্যমে সাফল্যের ধারা এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


ক্লাবের মডারেটর ও প্রতিষ্ঠাতা সদস্য মো. শফিকুল ইসলাম শুরুদিনের স্মৃতিচারণ করে বলেন, জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সময় শিক্ষার্থীদের পরিচয় সংকট কাটিয়ে উঠতেই এই সংগঠনের যাত্রা শুরু হয়েছিল। লক্ষ্য ছিল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় সংস্কৃতি গড়ে তোলা।


বিদায়ী সভাপতি শাহরিয়ার ইমন বলেন, সরকারি চাকরির সীমিত সুযোগের বাস্তবতায় শিক্ষার্থীদের বেসরকারি খাতে প্রস্তুত করা জরুরি। এ ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর ওপর তিনি জোর দেন। বিদায়ী সাধারণ সম্পাদক মো. ইরফান হোসাইন বিগত কার্যক্রমে প্রশাসনের সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।


অনুষ্ঠানে নতুন কার্যবর্ষের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয় এবং বিদায়ী সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সঞ্চালনায় ছিলেন মুক্তা বর্মন।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ক্লাবকে আরও গতিশীল ও কার্যকর করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষে ফটো সেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর