[email protected] সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ ফাল্গুন ১৪৩২

বুটেক্স ছাত্ররাজনীতি ইস্যুতে বিক্ষোভ, ছাত্রদলের ব্যানারবিহীন ইফতার আয়োজন

বুটেক্স প্রতিনিধি

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ৯:১১ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এ দলীয় ব্যানারে ইফতার আয়োজনের ঘোষণাকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

শহীদ আজিজ হলে নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনের ব্যানারে ইফতারের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন।

পরবর্তীতে হল প্রশাসনের নোটিশের পর সংশ্লিষ্টরা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে, কোনো দলীয় ব্যানার ছাড়াই ইফতার সম্পন্ন করেন।

মিছিল ও স্লোগান- 
দুপুর সাড়ে ১২টার দিকে একাডেমিক ভবনের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল শুরু করেন। সেখান থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের বক্তব্য—অরাজনৈতিক পরিবেশ বজায় রেখে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখা হোক।


প্রশাসনের অবস্থান-
আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, ক্যাম্পাসে কোনো ধরনের দলীয় রাজনৈতিক কার্যক্রম অনুমোদিত নয়। উপাচার্য অধ্যাপক ড. জুলহাস উদ্দিন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানান, হলের পরিবেশ শান্ত ও অরাজনৈতিক রাখতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে প্রভোস্টের সঙ্গে বৈঠক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।


প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত পোস্ট বা আহ্বানকে কেন্দ্র করে পরিস্থিতি যেন অস্থিতিশীল না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অভিযোগের বিষয়ে প্রশাসন যাচাই-বাছাই করবে বলেও জানান।


হল প্রশাসনের নোটিশ-
বিকেল ৩টার দিকে শহীদ আজিজ হলের প্রভোস্ট কার্যালয় থেকে একটি লিখিত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, হল প্রাঙ্গণ বা সংলগ্ন এলাকায় কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের ব্যানারে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সভা, সমাবেশ বা কর্মসূচি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দেশনা অমান্য করলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


ব্যানার ছাড়াই ইফতার ছাত্রদলের- 
পরবর্তীতে সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন নেতাকে হল প্রশাসনের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। পরে তারা সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ হিসেবে, দলীয় পরিচয় বা ব্যানার ছাড়া ইফতার আয়োজন করেন।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দলীয় কার্যক্রমের অনুমতি দেওয়া হয়নি; তবে সাধারণ শিক্ষার্থীদের ধর্মীয় আয়োজন হিসেবে ইফতার করার ক্ষেত্রে আপত্তি নেই।
শিক্ষার্থীদের দাবি- কয়েকজন শিক্ষার্থী বলেন, অরাজনৈতিক ঘোষিত ক্যাম্পাসে কোনো দলীয় ব্যানারে কর্মসূচি গ্রহণ করা উচিত নয়। তারা প্রকাশ্য বা গোপন—সব ধরনের ছাত্ররাজনীতি বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চান।


ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে আলোচনা-সমালোচনা চললেও পরিস্থিতি শেষ পর্যন্ত শান্ত রয়েছে বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর