মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পূজা উদযাপন পরিষদ শ্রদ্ধা জ্ঞাপন করেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে সংগঠনের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর থেকে পদযাত্রা শুরু করেন।
পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। রাত ১২টা ১ মিনিটে (২১ ফেব্রুয়ারি) শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সংগঠনের সহ-সভাপতি তন্ময় ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সোমা সরকার, প্রচার সম্পাদক সুবংকর রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মহিতোষ দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৈকত সরকার ও যুক্তা জ্যোতি গোলদারসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিউর ও জব্বারসহ অনেকে শহীদ হন।
তাঁদের আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ UNESCO ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে দিনটি বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: