কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অধ্যয়নরত নেত্রকোণা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোণা স্টুডেন্টস এসোসিয়েশন’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম সাদির এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোফাজ্জল হোসেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি শেখ মো. মাহবুব হোসেন ও সাধারণ সম্পাদক ইমন আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবনির্বাচিত সভাপতি এস এম সাদির বলেন, নেত্রকোণা থেকে আগত শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই সংগঠনের মূল লক্ষ্য।
এটি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়; বরং আঞ্চলিক শিক্ষার্থীদের সহায়তা ও সমন্বয়ের একটি পরিবারসদৃশ উদ্যোগ।
দায়িত্বপ্রাপ্তদের আস্থার মর্যাদা রেখে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পাশাপাশি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার কথাও জানান।
সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন সংগঠনের পূর্ববর্তী নেতৃত্বের অবদানের কথা উল্লেখ করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমেই সংগঠন এগিয়ে যাবে।
সকল সদস্যের সহযোগিতায় কার্যক্রমকে আরও সুসংগঠিত করার আশা প্রকাশ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে।
এসআর
মন্তব্য করুন: