কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ১০ দিনব্যাপী ‘ক্যাম্পাস ইফতার ও কুরআন খতম’ কর্মসূচির সূচনা হয়েছে।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশারের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কর্মসূচি ১ রমজান থেকে ১০ রমজান পর্যন্ত চলবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাডমিন্টন কোর্টে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মো. হারুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক মো. আবুল বাশার বলেন, সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত ও সুস্থতার কামনায় এ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়েছে।
রমজানের তাৎপর্য তুলে ধরে তিনি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন জোরদারের আহ্বান জানান।
অধ্যাপক মো. হারুন আয়োজনের প্রশংসা করে বলেন, রমজান আত্মশুদ্ধির মাস। এ সময় দেশ ও জাতির কল্যাণে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। তিনি আয়োজকদের এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিদিন নির্ধারিত সময়ে ইফতার ও কুরআন খতমের আয়োজন করা হবে এবং ১০ রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি চলবে।
এসআর
মন্তব্য করুন: