১ মার্চ থেকে শুরু হচ্ছে এইচএসসি ফরম পূরণ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম আগামী ১ মার্চ শুরু হবে এবং চলবে ৯ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের পর বিলম্ব ফিসহ ১১ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে (eFF) ফরম পূরণের সুযোগ থাকবে। পরীক্ষার ফি সোনালী সেবার মাধ্যমে ১৮ মার্চের মধ্যে জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুধুমাত্র বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। নিবন্ধনের বাইরে কোনো বিষয়ে পরীক্ষা দিলে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা বাতিল বলে গণ্য হবে।
এছাড়া সমাজসেবা অধিদপ্তর-এ নিবন্ধিত শারীরিক প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিল করা যেতে পারে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের প্রস্তুতি জোরদারে প্রয়োজন অনুযায়ী বিষয়ভিত্তিক মডেল টেস্ট আয়োজন করতে পারবে। তবে এসব পরীক্ষা বাধ্যতামূলক করা যাবে না এবং এ জন্য অতিরিক্ত কোনো ফি নেওয়া নিষিদ্ধ।
এসআর
মন্তব্য করুন: