[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

শিক্ষকতা থেকে শিক্ষার অভিভাবক ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩২ এএম

সংগৃহীত ছবি

বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

ববি হাজ্জাজ দীর্ঘদিন ধরে উদ্যোক্তা, শিক্ষাবিদ ও সমাজকর্মী হিসেবে পরিচিত। শিক্ষা খাত ও তরুণদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন উদ্যোগে তার সম্পৃক্ততা রয়েছে।

দলীয় সূত্রগুলো জানায়, শিক্ষা ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা এবং তরুণ সমাজের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রেক্ষাপট বিবেচনায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।


রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি একটি প্রভাবশালী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মুসা বিন শমসের, যিনি ‘প্রিন্স মুসা’ নামে পরিচিত, দেশের ব্যবসায়িক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব। তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজস্ব অবস্থান গড়ার চেষ্টা করেছেন ববি হাজ্জাজ।


উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। দীর্ঘ সময় বিদেশে অবস্থান করলেও পরবর্তীতে দেশে ফিরে আসেন।

কর্পোরেট খাতে কাজের সুযোগ থাকলেও তিনি শিক্ষকতা ও রাজনীতিকে পেশা হিসেবে বেছে নেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় শিক্ষার্থীদের মধ্যে তিনি সাড়া ফেলেন।


তার রাজনৈতিক যাত্রা শুরু হয় জাতীয় পার্টির মাধ্যমে। পরে তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। সুস্পষ্ট বক্তব্য ও আধুনিক শিক্ষাগত পটভূমির কারণে তিনি দ্রুতই রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ হয়ে ওঠেন।


নতুন দায়িত্বে শিক্ষা খাতে কী ধরনের পরিবর্তন আনবেন—এ নিয়ে রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর