কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৬’-এর শিরোপা ঘরে তুলেছে গণিত বিভাগ।
ফাইনাল ম্যাচে আইন বিভাগকে ৯ রানে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমজমাট এ ফাইনাল অনুষ্ঠিত হয়। টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় গণিত বিভাগ।
লক্ষ্য তাড়া করতে নেমে আইন বিভাগ লড়াই চালিয়ে গেলেও নির্ধারিত ওভারে ১৬৪ রানের বেশি তুলতে পারেনি। ফলে ৯ রানের ব্যবধানে জয় নিশ্চিত হয় গণিত বিভাগের।
ফাইনালে দারুণ পারফরম্যান্সের জন্য গণিত বিভাগের ফাহিম চৌধুরী ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। টুর্নামেন্টসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান আইন বিভাগের আবু নূরে মুস্তাক।
এছাড়া সর্বোচ্চ উইকেট শিকার করেন গণিত বিভাগের অভিজিৎ বনিক এবং সর্বাধিক রান সংগ্রাহকের পুরস্কার ওঠে একই বিভাগের রিয়াদ উদ্দীন সাকিবের হাতে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ—দুই দলকেই অভিনন্দন জানান।
শারীরিক শিক্ষা বিভাগের প্রধান মনিরুল আলমও সন্তোষ প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন সম্পন্ন হওয়া ইতিবাচক দৃষ্টান্ত।
ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও সুন্দরভাবে প্রতিযোগিতা আয়োজনের আশা প্রকাশ করেন তিনি।
এসআর
মন্তব্য করুন: