নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অগ্নি-নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রশাসনিক ও একাডেমিক ভবনগুলোতে হালনাগাদ অগ্নিনির্বাপক যন্ত্র বসানো হলেও আবাসিক হলগুলোতে এখনও ঝুলছে মেয়াদোত্তীর্ণ যন্ত্র।
জানা গেছে, গত বছরের ২ নভেম্বর এসব অগ্নিনির্বাপকের মেয়াদ শেষ হয়েছে।
তিন মাস পার হলেও নতুন যন্ত্র স্থাপনে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
বিশ্ববিদ্যালয়ের পাঁচটি আবাসিক হলে প্রায় তিন হাজার শিক্ষার্থী বসবাস করেন। শিক্ষার্থীদের অভিযোগ, আবাসিক ভবনগুলোতে কার্যকর অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় তারা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছেন।
ভাষা শহীদ আবদুস সালাম হলের এক আবাসিক শিক্ষার্থী জানান, হলে থাকা অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদ অনেক আগেই উত্তীর্ণ হয়েছে। আবাসিক ভবনে অগ্নি-নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিষয়টি গুরুত্ব পাচ্ছে না। দ্রুত নতুন যন্ত্র সরবরাহের দাবি জানান তিনি।
নবাব ফয়জুন্নেছা হলের আরেক শিক্ষার্থী বলেন, প্রশাসনিক ভবনে নতুন যন্ত্র বসানো হলেও আবাসিক হলগুলোর ক্ষেত্রে তা করা হয়নি। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অবহেলার ইঙ্গিত মিলছে বলে মন্তব্য করেন তিনি।
কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকেই নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের এক শিক্ষার্থী জানান, অগ্নিনির্বাপক যন্ত্র কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয়; এটি শিক্ষার্থীদের জীবনরক্ষার সঙ্গে সম্পর্কিত। মেয়াদোত্তীর্ণ যন্ত্র দ্রুত পরিবর্তনের আহ্বান জানান তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টি তাদের নজরে রয়েছে। চলমান অন্যান্য কাজ শেষ করে আগামী সপ্তাহের মধ্যে আবাসিক হলগুলোতে নতুন অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।
উপ-উপাচার্যও জানিয়েছেন, সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে এবং কাজটি দ্রুত সম্পন্নের বিষয়টি তদারকি করা হবে।
এসআর
মন্তব্য করুন: