[email protected] মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
২৭ মাঘ ১৪৩২

পরিবেশ আইন মুট কোর্টে দেশের মঞ্চে সিইউবির গৌরব, রানার-আপ ল’ ডিপার্টমেন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৪১ পিএম

সংগৃহীত ছবি

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি)আইন বিভাগ আন্তর্জাতিক মানের মুট কোর্ট প্রতিযোগিতা ‘স্টেটসন ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল’ মুট কোর্ট’-এর বাংলাদেশ কোয়ালিফায়ার্স ২০২৬-এর দ্বিতীয় রাউন্ডে রানার-আপ হওয়ার সাফল্য অর্জন করেছে।

গত ৫ থেকে ৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন আইন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে তীব্র প্রতিযোগিতা লক্ষ্য করা যায়।

আন্তর্জাতিক পরিবেশ আইনভিত্তিক এ মুট কোর্ট প্রতিযোগিতা বিশ্বব্যাপী অত্যন্ত সম্মানজনক হিসেবে বিবেচিত, যেখানে গভীর আইনগত গবেষণা ও কার্যকর মৌখিক যুক্তি উপস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডে দেশের ৩২টি আইন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়, যা প্রতিযোগিতাটিকে অত্যন্ত চ্যালেঞ্জিং করে তোলে।


কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর পক্ষে তিন সদস্যের একটি দল অংশগ্রহণ করে। দলে প্রথম ওরালিস্ট হিসেবে ছিলেন আসেফ ইবনুল, দ্বিতীয় ওরালিস্ট হিসেবে আরিয়ান বর্ণো এবং রিসার্চারের দায়িত্ব পালন করেন ফেয়ার ইসলাম খেয়া।

সিইউবি ও ল’ অ্যান্ড মুট ক্লাব এর প্রতিনিধিত্বকারী এই দলটি প্রিলিমিনারি, কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনাল রাউন্ড অতিক্রম করে ফাইনালে ওঠে এবং শেষ পর্যন্ত রানার-আপ হিসেবে প্রতিযোগিতা শেষ করে।


প্রতিযোগিতার পুরো সময়জুড়ে দলটি জটিল পরিবেশ আইনসংক্রান্ত বিষয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের বিপরীতে সুসংগঠিত যুক্তি, গবেষণার গভীরতা ও পেশাদার উপস্থাপনার মাধ্যমে প্রশংসা কুড়ায়।


এই সাফল্যের পেছনে দলের কোচ ও  আইন বিভাগের প্রভাষক মিস রুবাইয়া ইসলামের ধারাবাহিক দিকনির্দেশনা ও মেন্টরশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পাশাপাশি মিস নাজিফা মুনিয়াত কাদেরসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দের সহযোগিতাও দলটির প্রস্তুতিতে সহায়ক ছিল।

এছাড়া সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মুহাম্মদ সুনজাদ শেখের নিয়মিত তত্ত্বাবধান ও উৎসাহ দলটির এই অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখে।


এই অর্জন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের মুটিং কার্যক্রমে ধারাবাহিক অগ্রগতি, দলগত প্রচেষ্টা ও একাডেমিক উৎকর্ষের প্রতিফলন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও টিম সিইউবিকে এই সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে একই ধরনের সাফল্যের প্রত্যাশা ব্যক্ত করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর