আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ নিশ্চিত করতে চার দিনের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।
সরকার ঘোষিত সাধারণ ছুটি, সাপ্তাহিক অবকাশ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত অতিরিক্ত এক দিনের ছুটি মিলিয়ে এই ছুটি কার্যকর হবে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা এক বিজ্ঞপ্তিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে।
এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে উপাচার্যের ক্ষমতাবলে ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।
এর ফলে ১০ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সন্ধ্যাকালীনসহ সব ধরনের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।
তবে ছুটির সময়েও বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগসমূহ—আইসিটি সেল, চিকিৎসা সেবা, পানি ও বিদ্যুৎ সরবরাহ, নিরাপত্তা এবং এস্টেট শাখার কার্যক্রম স্বাভাবিক থাকবে। পাশাপাশি নিরাপত্তাকর্মীদের নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসআর
মন্তব্য করুন: