[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

হাদি হত্যার দ্রুত বিচার দাবি রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৮ এএম

সংগৃহীত ছবি

শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ডিবেটিং সোসাইটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত ‘গণভোট: জুলাই সনদ বাস্তবায়ন’ শীর্ষক এক আলোচনা সভা থেকে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. আয়নুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্য ফয়সাল আহমেদ।


সভায় সংগঠনের প্রচার সম্পাদক মোসাদ্দেক হোসেন রাজনৈতিক প্রভাবমুক্ত ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন অথবা পিবিআইয়ের মাধ্যমে তদন্ত পরিচালনার দাবি জানান।

এ সময় ইংরেজি বিতর্ক সমন্বয়ক নকিবুল আবছার শাওন দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেন এবং প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থার দৃষ্টি আকর্ষণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মো. আয়নুল ইসলাম বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন অন্যায়, দুর্নীতি ও আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এক সাহসী কণ্ঠ। সমাজ তাকে টিকতে দেয়নি। হাদি হত্যার বিচার দাবিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি সঞ্চিতা চক্রবর্তী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদুল মারুফসহ অন্যান্য সদস্যরা।

প্রধান আলোচক ফয়সাল আহমেদ তার বক্তব্যে গণভোটের প্রাসঙ্গিকতা তুলে ধরার পাশাপাশি হাদি হত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং দেশে টার্গেট কিলিং প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি আজীবন বিদেশি আধিপত্যবাদের বিরোধিতায় সক্রিয় ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর