বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে র্যালিটি শুরু হয়।
পরে এটি ক্যাম্পাসসংলগ্ন কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি ইউসুব আলী বলেন, ১৯৭৭ সালে একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হয়।
সংগঠনের মূল উদ্দেশ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখা।
তিনি বলেন, এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠাই তাদের স্বপ্ন, যেখানে দুর্নীতি, খুন, রাহাজানি ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে হলে সৎ ও দক্ষ মানুষের সমন্বয় অপরিহার্য।
ছাত্রশিবির দীর্ঘদিন ধরে সমাজ থেকে জুলুম ও অনিয়ম দূর করতে কাজ করে যাচ্ছে। তাদের লক্ষ্য একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা।
ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এমন নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে, যারা মানুষের অধিকার নিশ্চিত করবে এবং শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
শিক্ষাব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যতে যে দল রাষ্ট্রক্ষমতায় আসবে, তাদের কর্মমুখী ও বাস্তবভিত্তিক শিক্ষাব্যবস্থা চালু করা প্রয়োজন। সচেতন শিক্ষার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের ইশতেহার পর্যালোচনা করে বাস্তবায়নের সক্ষমতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
জাতীয় গণমাধ্যম নিয়ে মন্তব্য করতে গিয়ে ইউসুব আলী বলেন, ক্যাম্পাসভিত্তিক গণমাধ্যম এখনো তুলনামূলকভাবে দায়িত্বশীল থাকলেও জাতীয় পর্যায়ের কিছু গণমাধ্যম সত্য সংবাদ প্রকাশে পিছিয়ে পড়ছে।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, একটি ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি, যাতে ভবিষ্যতে কোনো নতুন ফ্যাসিবাদ গড়ে না ওঠে।
এসআর
মন্তব্য করুন: