[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

ভোটাধিকার নিশ্চিতে বিভাগীয় শহরে বাস সার্ভিসের দাবি কুবি শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ২:৫৩ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

এতে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।


বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের নিকট ওই স্মারকলিপি প্রদান করা হয়।


স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, কুবির শিক্ষার্থীদের একটি বড় অংশ দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও দূরবর্তী জেলায় স্থায়ীভাবে বসবাস করেন।

জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান একজন নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব হলেও, স্বল্প সময়ের ছুটি এবং অতিরিক্ত যাতায়াত ব্যয়ের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে বাড়ি গিয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালুর প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।


স্মারকলিপি প্রদান শেষে বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইকবাল বলেন, “শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের দাবিতে আমরা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছি।

স্বল্প ছুটির মধ্যে দূরবর্তী এলাকায় যাতায়াত এবং অতিরিক্ত ভাড়া বহন অনেক শিক্ষার্থীর জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

তাই বিভাগীয় শহরগুলোতে বাস সার্ভিস চালু করা হলে শিক্ষার্থীরা সহজেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমরা আশা করছি প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।


উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর