[email protected] বৃহঃস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

খুবিতে দুই দিনব্যাপী স্থাপত্য থিসিস প্রদর্শনী শুরু বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৪ পিএম

সংগৃহীত ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের থিসিস প্রকল্প নিয়ে আয়োজিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী প্রদর্শনী ‘আর্ককিউ ডিগ্রি শো ২০২৬’।

আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় স্থাপত্য ডিসিপ্লিন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করা হবে।

৫ ও ৬ ফেব্রুয়ারি—এই দুই দিন প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে প্রদর্শনীটি।

শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী স্থপতি, গবেষকসহ স্থাপত্যে আগ্রহী যে কেউ প্রদর্শনী পরিদর্শন করতে পারবেন।


প্রদর্শনীতে স্থাপত্য ডিসিপ্লিনের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরা তাদের গবেষণা ও নকশাভিত্তিক থিসিস প্রজেক্ট উপস্থাপন করবেন।

এসব প্রকল্পে নগর পরিকল্পনা, আবাসন সমস্যা, জলবায়ু পরিবর্তন, টেকসই নকশা, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটভিত্তিক স্থাপত্য ভাবনা গুরুত্ব পেয়েছে।


স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষকদের মতে, এই ডিগ্রি শো শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পেশাগত প্রস্তুতির একটি বাস্তব প্রতিফলন।

তারা জানান, বাস্তব জীবনের সমস্যার সমাধানে স্থাপত্য কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে—থিসিসগুলো তারই উদাহরণ। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য এটি জনসমক্ষে নিজেদের কাজ তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।


আয়োজন নিয়ে শিক্ষার্থীরাও আশাবাদী। তাদের ভাষ্য, দীর্ঘ সময় ধরে করা পরিশ্রমের ফল দর্শনার্থীদের সামনে তুলে ধরতে পারা তাদের জন্য বড় অর্জন। একই সঙ্গে শিক্ষক ও পেশাজীবীদের মতামত ভবিষ্যৎ ক্যারিয়ারে দিকনির্দেশনা দেবে বলে তারা মনে করেন।


উল্লেখ্য, ‘আর্ককিউ ডিগ্রি শো ২০২৬’ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের নিয়মিত একাডেমিক কার্যক্রমের অংশ, যা প্রতি বছর নবীন স্থপতিদের চিন্তা, দক্ষতা ও সম্ভাবনাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর