[email protected] বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২

সরকারি কলেজের ২০৬ শিক্ষকের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৫:৪৮ পিএম

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পদোন্নতির জট খুলল সরকারি কলেজের ২০৬ জন শিক্ষকের জন্য।

দেশের বিভিন্ন সরকারি কলেজে কর্মরত এসব শিক্ষককে একসঙ্গে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।


পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কেউ কেউ একাধিক ধাপ অতিক্রম করে প্রভাষক থেকে সরাসরি অধ্যাপক পদে উন্নীত হয়েছেন। তালিকায় এমন শিক্ষকরাও রয়েছেন, যাদের পদোন্নতির যোগ্যতা ১৯৯৫ সালেই তৈরি হয়েছিল।


শিক্ষা মন্ত্রণালয় জানায়, আত্তীকরণ বিধিমালা-২০০০ অনুসারে এসব শিক্ষক বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত। আদালতের নির্দেশনার আলোকে তাদের ভূতাপেক্ষভাবে পদোন্নতি দেওয়া হয়েছে। তবে এই ভূতাপেক্ষ পদোন্নতি কেবল বেতন নির্ধারণের ক্ষেত্রে প্রযোজ্য হবে; কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা পাওয়া যাবে না।


প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১, ঢাকার ২০২৫ সালের ২৭ নভেম্বরের রায়, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের ২০১৮ সালের ১ আগস্টের রায় এবং সংশ্লিষ্ট রায় বাস্তবায়ন সংক্রান্ত আদেশ অনুসরণ করেই এ পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বর্তমানে কর্মরত পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ইনসিটু হিসেবে যোগদান করবেন। অন্যদিকে অবসরপ্রাপ্ত বা কর্মরত নন—এমন শিক্ষকদের প্রযোজ্যতা অনুযায়ী ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ভূতাপেক্ষ যোগদান করতে হবে।


জানা গেছে, পদোন্নতি, জ্যেষ্ঠতা ও বিধিবিধান সংক্রান্ত একাধিক মামলার রায় দীর্ঘদিন কার্যকর না হওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের পদোন্নতি আটকে ছিল। এরই মধ্যে অনেক শিক্ষক অবসরে গেলেও আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর