জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ইসলামনগর এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নৃবিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী ও জাবি শাখা ছাত্রদলের নেতা সাইফুল ইসলাম রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই মো. মাসুদ রানা। তিনি জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে, একই ঘটনায় দগ্ধ অভিযুক্ত যুবক আব্দুস সোবহান রায়হানও রোববার (১ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক ডা. জহির উদ্দিন জানান, রনির শারীরিক অবস্থা শুরু থেকেই অত্যন্ত সংকটাপন্ন ছিল।
তার শরীরের বড় অংশ ও শ্বাসনালী দগ্ধ হওয়ায় হৃদ্যন্ত্র, কিডনি ও ফুসফুসসহ গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে। পরবর্তীতে রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়লে লাইফ সাপোর্টে রেখেও তাকে রক্ষা করা সম্ভব হয়নি।
জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে আনুমানিক পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় একটি পারিবারিক কলহের জেরে আব্দুস সোবহান রায়হান নিজের ঘরে অকটেন ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করেন।
পরিস্থিতি জানতে পেরে মানবিক কারণে রনিসহ কয়েকজন শিক্ষার্থী ও প্রতিবেশী তাকে নিবৃত্ত করতে ঘরে প্রবেশ করেন।
তারা তাকে শান্ত করার চেষ্টা করলে রায়হান হঠাৎ লাইটার দিয়ে ঘরে আগুন ধরিয়ে দেন। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে উপস্থিত রনি, রায়হান, রাহাত ও হাসিনুর—মোট চারজন গুরুতরভাবে দগ্ধ হন।
এসআর
মন্তব্য করুন: