ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান বৃদ্ধি ও প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সায়েন্স শো ও রোবোটিকস সেমিনার আয়োজন করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের হলরুমে এ সায়েন্স শো ও রোবোটিকস আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মুজাম্মিল হক মোল্লাহ সহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থী।
ইবি সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা শিক্ষার্থীদের সামনে জারণ-বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে একই দ্রবণে ধারাবাহিকভাবে রং পরিবর্তনের আকর্ষণীয় ও শিক্ষণীয় পরীক্ষা উপস্থাপন করে যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করে।
আরো পরবর্তীতে ক্লাব সদস্য মো. জিহাদ রোবোটিকস বিষয়ক বাস্তব প্রয়োগের মাধ্যমে একটি প্রজেক্ট রান করে দেখান, যেখানে বসতবাড়িতে গ্যাস লিকেজ বা আগুনের উপস্থিতি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সেন্সরের মাধ্যমে সতর্ক সংকেত প্রদান করা হয়। এই প্রজেক্টের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থায় রোবোটিকসের কার্যকারিতা তুলে ধরা হয়।
শেষ পর্বে প্রোগ্রামভিত্তিক একটি মৌখিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি জুনাইদুল মোস্তফা বলেন,
আজকের আয়োজনের মাধ্যমে আমরা ‘সায়েন্স শো ও সেমিনার’ কার্যক্রমের সূচনা করলাম। ধারাবাহিকভাবে কুষ্টিয়া, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্কুল ও কলেজে আমরা বিজ্ঞানভিত্তিক শো ও সেমিনার আয়োজন করবো।
এসআর
মন্তব্য করুন: