[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৩ চৈত্র ১৪৩২

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের সচেতনতামূলক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১৫ পিএম

সংগৃহীত ছবি

রাষ্ট্রকাঠামোর সংস্কার এবং জুলাই বিপ্লবের ঘোষিত আকাঙ্ক্ষা বাস্তবায়নের আহ্বান জানিয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এই সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে বিভিন্ন বার্তা সংবলিত ফটোফ্রেম প্রদর্শন এবং লিফলেট বিতরণ করা হয়।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, গণভোটের তাৎপর্য তুলে ধরা এবং রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে অবহিত করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।


এ বিষয়ে ছাত্রশিবির নোবিপ্রবি শাখার সেক্রেটারি আব্দুর রহমান বলেন, বর্তমান সময়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুলাই বিপ্লবে শহীদ ও আহত ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে যে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন তৈরি হয়েছিল, তা এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি।


তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাষ্ট্র সংস্কার এবং দেশপ্রেমিক নেতৃত্ব নির্বাচনের একটি বড় সুযোগ তৈরি করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


শাখা সভাপতি আরিফুর রহমান (সৈকত) বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সময় অতিক্রম করছে। জুলাই বিপ্লবের মাধ্যমে জনগণ যে জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবি তুলেছিল, তা বাস্তবায়নের প্রশ্ন আজ নতুন করে সামনে এসেছে।
নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুধু একটি ভোটগ্রহণ নয়; বরং এটি গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্র সংস্কার এবং জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

গণভোটের মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রকাঠামো সংস্কারের বিষয়ে মতামত দেওয়ার সুযোগ পাচ্ছে, যা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


তিনি আরও জানান, এই প্রেক্ষাপটে রাষ্ট্রকাঠামো সংস্কার ও জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে নোবিপ্রবি শাখার পক্ষ থেকে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর