ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শহিদুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আহনাফুজ্জামান।
সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়। নির্দেশনায় আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।
এ কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জিহাদ হাসান, আজহারুল ইসলাম, তারিফ মাহমুদ, নাইম ইসলাম ও হাবিবুর রহমান।
নবনিযুক্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ধরেই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে তারা কাজ করে যাচ্ছেন। নতুন দায়িত্ব পাওয়ার মাধ্যমে সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং অধিকার আদায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও জানান, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেসব সুযোগ-সুবিধা বিদ্যমান, সেগুলো বাস্তবায়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গেছে।
প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা থেকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এসআর
মন্তব্য করুন: