চলতি এপ্রিল মাসের প্রথম আট দিনেই প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে।
এই সময়ে দেশে এসেছে প্রায় ৯৭ দশমিক ৫ কোটি মার্কিন ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ১১ হাজার ৮৯৫ কোটি টাকার সমান (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ৭৭ দশমিক ৫ কোটি ডলার। সে তুলনায় এবার প্রায় ২৬ শতাংশ বেশি প্রবাসী আয় এসেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৭১৮ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ২ হাজার ২৫৬ কোটি ডলার, অর্থাৎ বছরওয়ারি প্রবৃদ্ধি প্রায় ২০ দশমিক ৫ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, রেমিট্যান্সের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি ডলারের সরবরাহ বাড়িয়ে বাজারে স্থিতিশীলতা আনতেও এটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
অর্থনীতিবিদরা মনে করছেন, এ প্রবণতা অব্যাহত থাকলে চলতি অর্থবছরে রেমিট্যান্সে নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করবে।
এসআর