দেশের তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা ও স্টার্টআপদের জন্য আর্থিক সহায়তা সহজতর করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকায় বেসিসের বোর্ডরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের আইসিটি খাতের উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং ও আর্থিক সেবার সুযোগ আরও বিস্তৃত করবে।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংকের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদতসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বেসিসের প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান প্রধান অতিথি হিসেবে অংশ নেন। এ ছাড়া বেসিসের অ্যাসোসিয়েট কমিটির সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় আইসিটি উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত আর্থিক পণ্য ও সেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পাশাপাশি দক্ষতা উন্নয়ন, নিয়ন্ত্রক সংক্রান্ত প্রশিক্ষণ, বাজার সম্প্রসারণ এবং একটি আইসিটি এক্সপোর্ট অ্যাকসেলারেটর গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই অংশীদারিত্ব দেশের প্রযুক্তি উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশ সহজ করবে এবং সামগ্রিক আইসিটি ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।
এসআর