জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক আজ ৫ এপ্রিল থেকে ব্যাংক লেনদেন ও চেক নিষ্পত্তির নতুন সময়সূচি কার্যকর করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ব্যাংকে গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল
৩টা পর্যন্ত এবং অফিস কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত; অন্যদিকে আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।
চেক নিকাশ ঘর বা বিএসিএইচ (BACH)-এর নতুন নিয়ম অনুযায়ী, ৫ লাখ টাকার বেশি মূল্যের ‘হাই ভ্যালু’ চেক নিষ্পত্তির জন্য বেলা ১২টার মধ্যে পাঠাতে হবে যা দুপুর ২টার মধ্যে নিষ্পত্তি হবে এবং ৫ লাখ টাকার কম মূল্যের ‘রেগুলার ভ্যালু’ চেক সাড়ে ১২টার মধ্যে পাঠালে তা বিকেল ৪টার মধ্যে নিষ্পত্তি করা হবে।
রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (RTGS) এর মাধ্যমে লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, তবে আন্তঃব্যাংক ফান্ড ট্রান্সফার ও রিটার্ন লেনদেন বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত সম্পন্ন করা যাবে। উল্লেখ্য যে, বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (BEFTN) সেবা আগের নিয়মেই চলবে।
গত ২ এপ্রিল মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ সংকটের কারণে সরকারি-বেসরকারি সব অফিসের সময়সীমা ১ ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ এবং সন্ধ্যা ৬টার পর দোকানপাট বন্ধের যে সিদ্ধান্ত হয়েছিল, তার আলোকেই ব্যাংকিং খাতের এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে।
এসআর