মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক সংঘাত এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধস নেমেছে। সোমবার (২৩ মার্চ ২০২৬) একদিনেই
স্পট গোল্ডের দাম ২.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৭২.৮৬ ডলারে দাঁড়িয়েছে, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, টানা নয় দিন ধরে দরপতনের ফলে গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুটির দাম ১০ শতাংশের বেশি কমেছে। বাজার বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ডোনাল্ড ট্রাম্পের পাল্টাপাল্টি হামলার হুমকির ফলে বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা ও সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা স্বর্ণের মতো নিরাপদ বিনিয়োগের আকর্ষণ কমিয়ে দিচ্ছে।
একই সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে যাওয়ায় এবং এশিয়ার শেয়ারবাজারে বড় পতনের কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মূলধন সরিয়ে নিচ্ছেন। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতু যেমন রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামেও বড় পতন লক্ষ্য করা গেছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, সুদের হার বৃদ্ধি এবং যুদ্ধের উত্তেজনা অব্যাহত থাকলে স্বর্ণের বাজারে এই অস্থিরতা আরও দীর্ঘস্থায়ী হতে পারে।
এসআর
মন্তব্য করুন: