[email protected] বুধবার, ১৮ মার্চ ২০২৬
৪ চৈত্র ১৪৩২

ঈদের ছুটিতেও চালু থাকবে নির্দিষ্ট ব্যাংক শাখা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১২:৩০ পিএম

সংগৃহীত ছবি

শবেকদর ও ঈদুল ফিতরের আগের টানা সরকারি ছুটির মধ্যেও সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মূলত তৈরি পোশাক খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) নির্বাহী আদেশে সরকারি ছুটির কারণে দেশের সব তফসিলি ব্যাংকের সাধারণ শাখা বন্ধ থাকবে। তবে গুরুত্বপূর্ণ কিছু শিল্পাঞ্চলে নির্বাচিত শাখাগুলো খোলা রাখা হবে।


এই সিদ্ধান্তের আওতায় ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পঘন এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ খোলা থাকবে। এসব শাখায় সীমিত জনবল দিয়ে কার্যক্রম পরিচালনা করা হবে।


নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এই দুইদিন ব্যাংকের অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এছাড়া দুপুরে যোহরের নামাজের জন্য সংক্ষিপ্ত বিরতির ব্যবস্থাও রাখা হয়েছে।


এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর সংলগ্ন পোর্ট ও কাস্টমস এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম চালু রাখতে পারবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা প্রযোজ্য বিধি অনুযায়ী ভাতা পাবেন। জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর আওতায় এই নির্দেশনা জারি করা হয়েছে এবং তা ইতোমধ্যে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর