[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

রেকর্ড উচ্চতায় স্বর্ণ: ভরিতে ২ লাখ ৬১ হাজার টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩১ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

 (বাজুস) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে। এর ফলে আজ শনিবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গ্রাহকদের গুনতে হবে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা।


​বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৯ হাজার ১৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৫৬৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায় বিক্রি হচ্ছে।


​উল্লেখ্য যে, বাজুস নির্ধারিত এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।


​এর আগে গত ২১ ফেব্রুয়ারিও স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দাম আরও এক দফা বাড়ল।


​স্বর্ণের দামের এই ঊর্ধ্বগতির মধ্যেও রুপার বাজার স্থিতিশীল রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৭০৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৪১৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর