[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২

কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৫৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে পরিবর্তনের গুঞ্জনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক ভবন ত্যাগ করেছেন ড. আহসান এইচ মনসুর

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।


সূত্র বলছে, গভর্নর হিসেবে নিয়োগ পেতে পারেন মোস্তাকুর রহমান নামে একজন অর্থনীতিবিদ, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি প্রস্তাব নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী–এর কাছে উপস্থাপন করেছে বলে জানা গেছে। মন্ত্রীর সম্মতির পর বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে। সেখান থেকে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠিয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।


বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক অর্থমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি কিছু বলতে রাজি হননি। তিনি শুধু বলেন, সময় হলে সব জানা যাবে।


এদিকে দুপুর ২টার দিকে আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক ভবন থেকে বের হতে দেখা যায়। পদত্যাগ বা অপসারণের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, তিনি পদত্যাগ করেননি এবং তাকে অপসারণও করা হয়নি। গণমাধ্যমে খবর দেখে তিনি বাসায় যাচ্ছেন বলে জানান।


উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তী প্রশাসন সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার–এর স্থলাভিষিক্ত করে আহসান এইচ মনসুরকে নিয়োগ দেয়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন সরকার ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তনের আলোচনা জোরদার হয়।


এর মধ্যে গভর্নরকে অপসারণের দাবিতে বাংলাদেশ ব্যাংকের একাংশ কর্মকর্তা-কর্মচারী সংবাদ সম্মেলন ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। সম্প্রতি তিন কর্মকর্তাকে শোকজ ও বদলির ঘটনায় উত্তেজনা আরও বাড়ে। এ সিদ্ধান্ত প্রত্যাহারসহ কয়েকটি দাবি পূরণ না হলে কলম-বিরতিতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।


সব মিলিয়ে কেন্দ্রীয় ব্যাংকে নেতৃত্ব পরিবর্তন ঘিরে অনিশ্চয়তা ও উত্তেজনা বিরাজ করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন সরকারি প্রজ্ঞাপনের অপেক্ষা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর