[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

বিশ্ববাজারে স্বর্ণের দাম নিম্নমুখী: জেনে নিন মূল কারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩১ পিএম

আন্তর্জাতিক বাজারে সপ্তাহের শুরুতেই স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে।

 সোমবার (১৬ ফেব্রুয়ারি) লেনদেনের শুরুতে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমলেও পরবর্তীতে আউন্স প্রতি ৫,০০৭.৭ ডলারে থিতু হয়, যা দিনের মোট হ্রাসের হার হিসেবে শূন্য দশমিক ৭ শতাংশ।

মূলত বৈশ্বিক কিছু অর্থনৈতিক পরিস্থিতি এবং ছুটির দিন হওয়ার কারণে বাজারে এই অস্থিরতা দেখা দেয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে 'প্রেসিডেন্টস ডে' এবং চীনসহ এশিয়াজুড়ে 'চন্দ্র নববর্ষ' উদযাপনের কারণে বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল খুবই কম, যার ফলে বাজারে তারল্য বা লিকুইডিটি সংকট দেখা দেয়।

​এছাড়া মার্কিন ডলারের অবস্থান শক্তিশালী হওয়া স্বর্ণের দরপতনের অন্যতম প্রধান কারণ।

ডলারের মান বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা তুলনামূলক ব্যয়বহুল হয়ে পড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্যে দেখা গেছে যে জানুয়ারিতে মূল্যস্ফীতি আশানুরূপভাবে না বাড়লেও কর্মসংস্থানের হার বিস্ময়করভাবে বেড়েছে।

এ পরিস্থিতির কারণে বিনিয়োগকারীরা ধারণা করছেন যে আগামী ১৮ মার্চ ফেডারেল রিজার্ভের (ফেড) বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখা হতে পারে। যেহেতু সুদের হার কমলে সাধারণত স্বর্ণের দাম বাড়ে, তাই সুদের হার কমার সম্ভাবনা কম থাকায় বিনিয়োগকারীরা স্বর্ণের বাজার নিয়ে বর্তমানে কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর