[email protected] শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬
২৪ মাঘ ১৪৩২

দেশের বাজারে স্বর্ণ-রুপার দামে উল্লেখযোগ্য হ্রাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৬ এএম

সংগৃহীত ছবি

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর আবারও দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে কমানো হয়েছে ৭ হাজার ৬৪০ টাকা।
বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।


নতুন নির্ধারিত দামে এখন ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের স্বর্ণের ভরি দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকা।


এর আগে চলতি মাসের ৩ ফেব্রুয়ারি সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। সেদিন ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।


চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ২৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৬ বার দাম বেড়েছে এবং ৯ বার কমেছে। অন্যদিকে, ২০২৫ সালে স্বর্ণের দর পরিবর্তন হয়েছিল মোট ৯৩ বার—যার বেশিরভাগ ক্ষেত্রেই দাম ঊর্ধ্বমুখী ছিল।


স্বর্ণের পাশাপাশি এবার কমানো হয়েছে রুপার দামও। ভরিতে ১৭৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি দাঁড়িয়েছে ৩ হাজার ৯০৭ টাকা।


চলতি বছরে রুপার দাম এ নিয়ে ১৭ দফা সমন্বয় করা হলো। এর মধ্যে ১০ বার দাম বেড়েছে এবং ৭ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম পরিবর্তন হয়েছিল মোট ১৩ বার।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর