জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ফলে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন এসব প্রতিষ্ঠানে লেনদেন কার্যক্রম স্থগিত থাকবে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ওই ঘোষণার আলোকে দেশে কার্যরত সব তপশিলি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ওই দুই দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে নির্বাচন উপলক্ষে ১ ফেব্রুয়ারি এক দিনের জন্য ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দিয়েও পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১(২) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এদিকে ১১ ও ১২ ফেব্রুয়ারির সরকারি ছুটির সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো টানা চার দিন বন্ধ থাকবে।
এসআর
মন্তব্য করুন: