[email protected] মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬
২১ মাঘ ১৪৩২

জায়তুন-কমিউনিটি ব্যাংকের অংশীদারিত্বে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাংলাকিউআর সেবা চালু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৫৯ পিএম

দেশের প্রান্তিক ও ব্যাংকিং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সহজ ও নিরাপদ ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনতে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জায়তুন ফিনটেক লিমিটেড।

এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই সহযোগিতার মাধ্যমে সমন্বিত ডিজিটাল ফাইন্যান্সিয়াল সল্যুশন চালু করা হবে, যার অংশ হিসেবে বাংলা কিউআরভিত্তিক মার্চেন্ট পেমেন্ট ও অ্যাকোয়ারিং সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে দেশের দুর্গম ও আর্থিক সেবার বাইরে থাকা অঞ্চলেও ডিজিটাল লেনদেন ব্যবস্থার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং জায়তুন ফিনটেক লিমিটেডের চেয়ারম্যান মো. আরফান আলী।


চুক্তির আওতায় জায়তুন ফিনটেক লিমিটেড পেমেন্ট সিস্টেম অপারেটর–হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকোয়ারার হিসেবে দায়িত্ব পালন করবে। তারা কমিউনিটি ব্যাংকের সারাদেশব্যাপী বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে বাংলা কিউআরভিত্তিক পেমেন্ট সেবা ও মার্চেন্ট অনবোর্ডিং কার্যক্রম পরিচালনা করবে।


অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পক্ষে উপস্থিত ছিলেন প্রধান পরিচালন কর্মকর্তা সামসুল হক সুফিয়ানী, এজেন্ট ব্যাংকিং ও স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের প্রধান এস কে পারভেজ মারেকার, করপোরেট ব্যাংকিং ও ব্রাঞ্চ বিজনেসের প্রধান ড. মো. আরিফুল ইসলাম, সিআইটিও ও ডিএফএস প্রধান মো. তানজীম মোর্শেদ ভূঁইয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


জায়তুন ফিনটেক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, পরিচালক সাবিত ইসরার, আকবর হোসেন প্রমুখ। 
সংশ্লিষ্টরা জানান, এই অংশীদারিত্ব দেশের ডিজিটাল পেমেন্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে এবং আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর