নন-রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) গ্রাহক এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জন্য কোনো ধরনের চার্জ ছাড়াই দুটি নতুন বিশেষ ডিপোজিট প্রোডাক্ট চালু করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
নতুন এই প্রোডাক্টগুলোর নাম দেওয়া হয়েছে “কমিউনিটি প্রবাস সঞ্চয়” এবং “কমিউনিটি প্রবাস প্রিয়জন”। সম্প্রতি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এসব প্রোডাক্টের উদ্বোধন করা হয়।
ব্যাংক সূত্র জানায়, প্রবাস থেকে পাঠানো অর্থের নিরাপদ সঞ্চয় ও দীর্ঘমেয়াদি আর্থিক ব্যবস্থাপনার সুযোগ তৈরি করতেই স্থানীয় মুদ্রাভিত্তিক এই ডিপোজিট স্কিম চালু করা হয়েছে।
এনআরবি গ্রাহক ও দেশে অবস্থানরত প্রবাসী আয়গ্রহীতা পরিবারের পরিবর্তিত আর্থিক প্রয়োজন বিবেচনায় রেখে এসব প্রোডাক্টে যুক্ত করা হয়েছে নানা ভ্যালু-অ্যাডেড সুবিধা।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) ও কমিউনিটি ব্যাংকের পরিচালক মোঃ আকরাম হোসেন, বিপিএম (সেবা); অ্যাডিশনাল ডিআইজি ও ব্যাংকের পরিচালক আহম্মদ মুঈদ, বিপিএম (সেবা) এবং স্বতন্ত্র পরিচালক সৈয়দ রফিকুল হক। তাদের উপস্থিতিতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত নতুন প্রোডাক্ট দুটির উদ্বোধন ঘোষণা করেন। এ সময় ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে কিমিয়া সাআদত বলেন, প্রবাসী আয়ের ওপর ভিত্তি করে ব্যাংকিং সেবার পরিধি বাড়ানো এবং অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক আর্থিক সমাধান দেওয়ার ক্ষেত্রে এই উদ্যোগ কমিউনিটি ব্যাংকের কৌশলগত অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।
ব্যাংকের এজেন্ট ব্যাংকিং, ফরেন রেমিট্যান্স, ট্রানজ্যাকশন ব্যাংকিং ও স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট বিভাগের প্রধান এস কে পারভেজ মারেকার জানান, কমিউনিটি প্রবাস সঞ্চয় মূলত এনআরবি গ্রাহকদের জন্য তৈরি একটি বিশেষ সেভিংস অ্যাকাউন্ট।
এর মাধ্যমে বিদেশে উপার্জিত অর্থ দ্রুত, নিরাপদ ও সহজ উপায়ে দেশে পাঠিয়ে স্থানীয় মুদ্রায় সঞ্চয়ের সুযোগ মিলবে। পাশাপাশি এনআরবি গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী একাধিক অতিরিক্ত সুবিধাও এতে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, কমিউনিটি প্রবাস প্রিয়জন প্রবাসী আয় গ্রহণকারী পরিবারের জন্য একটি সঞ্চয় ও বিনিয়োগভিত্তিক বিশেষ পণ্য। এই প্রোডাক্টের মাধ্যমে গ্রাহকেরা প্রেরিত অর্থের একটি অংশ নিরাপদভাবে সঞ্চয় ও বিনিয়োগ করতে পারবেন, যা ভবিষ্যৎ আর্থিক পরিকল্পনা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়ক হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই দুই প্রোডাক্টের আওতায় গ্রাহকেরা সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যের জীবনবীমা সুবিধা, চার্জ-ফ্রি অ্যাকাউন্ট পরিচালনা, প্রতিযোগিতামূলক মুনাফা হার এবং সারা দেশের ৫ শতাধিক হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়ের সুবিধা উপভোগ করতে পারবেন।
এসআর
মন্তব্য করুন: