ফাল্গুনের শেষ দিকে সারাদিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় রাজধানী ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সন্ধ্যা থেকে প্রায় আড়াই ঘণ্টার মধ্যে ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সন্ধ্যার পর শুরু হওয়া বৃষ্টির তীব্রতা শুরুতে বেশি ছিল। পরে রাত ৯টার দিকে ধীরে ধীরে বৃষ্টি কমে আসে। দিনভর গরমের পর এই বৃষ্টি নগরবাসীর জন্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও ঈদ সামনে রেখে খোলা স্থানে ব্যবসা করা অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বিপাকে পড়েন।
বৃষ্টির প্রভাবে অমর একুশে বইমেলার বেশ কয়েকটি স্টলের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বৃষ্টি থেকে বাঁচতে দর্শনার্থী ও বিক্রেতাদের অনেকেই বইয়ের স্টলের ভেতরে আশ্রয় নেন।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবির বলেন, বর্ষা শুরুর আগের সময়ে তাপমাত্রা ও আর্দ্রতা বেড়ে গেলে মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে পারে।
এ সময় এ ধরনের বৃষ্টি অস্বাভাবিক নয় বলেও তিনি জানান। তার মতে, আগামী ১৫ থেকে ১৬ মার্চের মধ্যে আবারও একই ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল।
কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। বুলেটিনে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে এ বৃষ্টিপাত হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোর জেলায় ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ফেনী জেলায়।
এসআর
মন্তব্য করুন: