প্রধানমন্ত্রী তারেক রহমানের অমর একুশে বইমেলা উদ্বোধনকে কেন্দ্র করে সাময়িকভাবে বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন।
নির্ধারিত সময়ের মধ্যে এই স্টেশনে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের দায়িত্বশীল কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, বাংলা একাডেমি-র পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমি ডিএমটিসিএলকে চিঠি দিয়ে জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত তাদের প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান-এ ‘অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬’ অনুষ্ঠিত হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, ২৬ ফেব্রুয়ারি দুপুর ২টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বইমেলার উদ্বোধন করবেন। এ কারণে ওই দিন দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, নির্ধারিত সময়ের পর স্টেশনটি পুনরায় যাত্রী চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: