[email protected] সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৩ ফাল্গুন ১৪৩২

ঢাকা-৫ আসন- দলীয় কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন হাতপাখার প্রার্থী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৭ এএম

ইব্রাহীম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মো. ইব্রাহীম দলীয় কর্মকাণ্ড থেকে আপাতত সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, দলটি পূর্ণাঙ্গ রাজনৈতিক বৈশিষ্ট্য অর্জন না করা পর্যন্ত তিনি সংগঠনের কার্যক্রমে সক্রিয় থাকবেন না।

পোস্টে তিনি উল্লেখ করেন, একটি রাজনৈতিক অবস্থান সুস্পষ্ট না হওয়া পর্যন্ত বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে নির্বাচনের ফলাফল নিয়ে দেওয়া আরেক বার্তায় তিনি বলেন, ঢাকা-৫ আসনের ভোটাররা কোনো ভুল করেননি; বরং দলীয় কৌশলগত ভুলের প্রতিক্রিয়াই ফলাফলে প্রতিফলিত হয়েছে। জনগণের রায়কে তিনি সম্মানের সঙ্গে মেনে নেওয়ার কথাও জানান।

নির্বাচনী ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৬৪১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-সমর্থিত প্রার্থী নবী উল্লা নবী পান ৮৭ হাজার ৪৯১ ভোট। অন্যদিকে হাতপাখা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহীম পেয়েছেন ১৪ হাজার ২০৬ ভোট।

আরেক স্ট্যাটাসে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার ভাষ্য, অনেক কর্মী নিরলসভাবে প্রচারে অংশ নিয়েছেন এবং ব্যক্তিগত ব্যস্ততা উপেক্ষা করে কাজ করেছেন। তাদের এই ত্যাগের যথাযথ প্রতিদান মিলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


ফলাফল নিয়ে হতাশ নন উল্লেখ করে মো. ইব্রাহীম বলেন, প্রস্তুতি ও সাংগঠনিক সক্ষমতার ভিত্তিতেই ভোটের চিত্র নির্ধারিত হয়েছে। তবে ভবিষ্যতে এগোতে হলে সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।


তিনি আরও জানান, সংগঠনকে শক্তিশালী করতে স্পষ্ট রূপরেখা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য। পরিকল্পনা ছাড়া এগোনো সম্ভব নয় বলেও মত দেন তিনি।


নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনকে শুভেচ্ছা জানিয়ে তার সফলতা কামনা করেন হাতপাখা প্রতীকের এই প্রার্থী। উল্লেখ্য, মো. ইব্রাহীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৭ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় পর্যায়ে তার কর্মকাণ্ড ইতিবাচকভাবে মূল্যায়িত হয়েছে বলে এলাকাবাসীর অনেকে মত দিয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর