ঢাকা-৯ আসনে বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
তবে দিনভর একাধিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার পোলিং এজেন্টদের উপস্থিতি খুব একটা চোখে পড়েনি।
অধিকাংশ বুথে বিএনপি, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের এজেন্টদের দেখা গেলেও জারার ফুটবল প্রতীকের এজেন্ট অনুপস্থিত ছিলেন।
দুপুর পর্যন্ত অন্তত পাঁচটি কেন্দ্র ঘুরে দেখা যায়, মাদারটেক দেশ আইডিয়াল স্কুল, আইডিয়াল মুসলিম স্কুল, শহীদ জিয়া বাসাবো স্কুল, মাদারটেক আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ এবং মুগদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বুথগুলোতে তার কোনো এজেন্ট নেই।
পরে কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে তার একজন পোলিং এজেন্টের দেখা মেলে।
সেখানে দায়িত্ব পালনরত ওই এজেন্ট জানান, সকাল থেকেই তিনি কেন্দ্রে অবস্থান করছেন এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হননি।
অন্যদিকে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে ডা. তাসনিম জারা অভিযোগ করেন, তার পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বা প্রবেশে বাধা দেওয়া হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এজেন্টদের বলা হচ্ছে তারা সংশ্লিষ্ট এলাকার ভোটার নন কিংবা পুরুষ কেন্দ্রে নারী এজেন্ট থাকতে পারবেন না—এমন কারণ দেখিয়ে বাধা দেওয়া হচ্ছে। এছাড়া মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ নিয়েও জটিলতা তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা। তাদের দাবি, যথাযথ কাগজপত্র থাকলে কোনো এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, অল্প কিছুদিন আগেই তাসনিম জারা নিজের ভেরিফাইড ফেসবুকে পোলিং এজেন্ট চেয়ে ফেসবুকে একটি পোস্ট করেন। কিন্তু তাসনিম জারা এ আসনের ভোটার না হওয়ায় এজেন্ট হতে আগ্রহ দেখায় নি স্থানীয় জনগন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার আলোচিত আসনগুলোর মধ্যে ঢাকা-৯ অন্যতম।
এ আসনে জামায়াতের কোনো প্রার্থী না থাকলেও বিএনপির প্রার্থী হাবিবুর রশীদ ও স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে—এমন ধারণা রাজনৈতিক অঙ্গনে রয়েছে। ভোটগ্রহণ শুরুর পর থেকে কেন্দ্রগুলোতে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
এক নজরে ঢাকা-৯ আসন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ থেকে ৭ নম্বর এবং ৭১ থেকে ৭৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫ জন। এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসআর
মন্তব্য করুন: