[email protected] শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬
৩০ মাঘ ১৪৩২

আশুলিয়ায় কেন্দ্র দখলের অভিযোগ, বিএনপির ১৩ সমর্থক আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৩১ এএম

সংগৃহীত ছবি

ঢাকার আশুলিয়ায় দুটি ভোটকেন্দ্রে দখলের চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগে বিএনপির ১৩ জন নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী।

পরে তাদের থানায় সোপর্দ করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এলাকায় অভিযান চালায়।

সেখান থেকে ৯ জনকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।


আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—আব্দুর রহমান (৪২), মো. শাহজাহান বেপারী (৬৪), মোহাম্মদ সরোয়ার (৫২), মো. জুলহাস উদ্দিন (২৪), মো. সুমন (২৩), মো. সুজন (২০), মো. শাহিনুর ইসলাম (৩০), মো. সুমন (৩৬) এবং মোহাম্মদ নুরুল ইসলাম (৩৫)।


একই রাতে ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম কেন্দ্র এলাকায় পৃথক অভিযানে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন—মো. মন্টু মিয়া (৩৫), মো. জুয়েল মিয়া (৩৬), কবির হোসেন (৩৭) ও রাকিব হোসেন (৩৯)। সংশ্লিষ্টদেরও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ জানান, আটক ১৩ জনকে সেনাবাহিনী রাতেই থানায় হস্তান্তর করেছে। তারা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর