ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বমুহূর্তে রাজধানীর ঢাকা-৬ আসনে একটি ভোটকেন্দ্রের সামনে অর্থ বিতরণের অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করা হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার কেন্দ্রের সামনে থেকে মো. হাবিবকে আটক করা হয়। তিনি সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির হিসেবে পরিচিত।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির কাছে নগদ অর্থ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে টাকার সুনির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি।
পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. তারেক মাহমুদ বলেন, কয়েকজনকে অর্থ দেওয়ার অভিযোগে স্থানীয়রা হাবিবকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে দুই দিনের কারাদণ্ড দেন।
তিনি আরও জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি দাবি করেছেন যে, তিনি পোলিং এজেন্টদের জন্য খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন, যা নাকি চা-নাস্তার খরচ হিসেবে প্রদান করা হচ্ছিল।
রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসআর
মন্তব্য করুন: