রাজধানীর তীব্র যানজটের কারণে ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যালয়ে সংঘটিত হামলার সময় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
তাঁর দাবি, সময়মতো পুলিশ উপস্থিত হতে না পারায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, গভীর রাতে ডেইলি স্টার ও প্রথম আলোর অফিসে হামলার খবর পাওয়ার পর পুলিশ পাঠানোর চেষ্টা করা হয়। তবে ওই সময় রাজধানীতে তীব্র ট্রাফিক জ্যামের কারণে সংশ্লিষ্ট অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।
এ সময় যমুনা এলাকায় সরকারপ্রধানের বাসভবন ঘেরাওয়ের ঘটনায় পুলিশের কঠোর অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন ঘিরে প্রবেশের চেষ্টা হলে দায়িত্বশীল বাহিনী হিসেবে বসে থাকার সুযোগ নেই। তিনি জানান, পরিস্থিতি সামাল দিতে তিনি নিজে মাঠে যান এবং আইজিপির সহায়তাও চান। পরে যৌথ উদ্যোগে আন্দোলনকারীদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
ডিএমপি কমিশনার আরও বলেন, জননিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং যেকোনো বিশৃঙ্খলা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: