[email protected] রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬
২৫ মাঘ ১৪৩২

পুলিশি হামলা ও ভারতীয় ষড়যন্ত্রের অভিযোগে শাহবাগ মোড় অবরোধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ৭:৩০ পিএম

সংগৃহীত ছবি

পুলিশি হামলা এবং ভারতীয় ষড়যন্ত্রের অভিযোগ তুলে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ‘জুলাই ঐক্য’-এর নেতা-কর্মীরা।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় পতাকা ও বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে প্রায় অর্ধশত আন্দোলনকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন। 

ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এর আগে শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও নিহতের স্বজনরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা সারা রাত সেখানেই অবস্থান করেন।


পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর একই দাবিতে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেত্রী ফাতেম তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারসহ অন্তত অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।


এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের গতিরোধ করে।

পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় লাঠিচার্জে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ২০ জন আহত হন।

আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর