চলমান আন্দোলনের মধ্যে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে নতুন সতর্কবার্তা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৯টা ১৩ মিনিটে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়।
পোস্টে দাবি করা হয়, ক্ষমতাসীন দলের কর্মীরা সাধারণ মানুষের ভিড়ে মিশে আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি শহীদ ওসমান হাদির হত্যার বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এবং নির্বাচন ঘিরে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টাও চলছে বলে অভিযোগ করা হয়। এসব কারণ দেখিয়ে উপস্থিত সবাইকে সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ জায়গায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিত আন্দোলনরতদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভে নামে ছাত্র-জনতা। এর ফলে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
শুক্রবার বিকেল ৫টা থেকে শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তোলে আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু ভাস্কর্য এলাকা থেকে একটি মিছিল শাহবাগে এসে পৌঁছানোর পর সড়কে বসে পড়েন তারা।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়ক দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করা হয় এবং সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়।
সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংঘর্ষের সময় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের আহত হন। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: