[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

যমুনার সামনে অবস্থানে অটল ইনকিলাব মঞ্চ, হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০০ পিএম

সংগৃহীত ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির সদস্যরা।

এ কর্মসূচিতে শহীদ ওসমান হাদির স্ত্রী ও পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যমুনার সামনে জড়ো হন। রাত পৌনে ৯টা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দেন।


ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করে বলেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্তে সরকার কার্যকর কোনো অগ্রগতি দেখাতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট সংস্থাগুলো একাধিকবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়েছে। তিনি দাবি করেন, নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক ব্যস্ততার অজুহাতে এই হত্যার তদন্ত বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে।


তিনি আরও বলেন, যেসব শক্তির মাধ্যমে দেশে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এবং দলগুলো রাজনীতি করার সুযোগ পাচ্ছে, তারাই এখন এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।
সরকারকে সতর্ক করে আব্দুল্লাহ আল জাবের বলেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ ও দোষীদের বিচার না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা।


ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, ইনকিলাব মঞ্চ শুরু থেকেই সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে এসেছে। তবে হাদি হত্যার বিচারের প্রশ্নে সবাই বারবার উদাসীনতা দেখিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, জাতিসংঘের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে ইনকিলাব মঞ্চ যমুনার সামনে অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি অব্যাহত থাকলে সারা দেশের জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন জোরদার করা হবে এবং উদ্ভূত পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।


এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, অবস্থানস্থলের চারপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সর্বশেষ আপডেটে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ তদন্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর