[email protected] শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬
২৩ মাঘ ১৪৩২

পল্লবীতে দুই শিশুসহ এক পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬ ৩:৪৩ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর পল্লবী এলাকায় একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, শিশুদের হত্যার পর বাবা-মা আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে মিরপুর-১১ নম্বর ওয়াপদা ভবনের বিহারী ক্যাম্প এলাকার বি-ব্লক থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।


নিহতরা হলেন— মোহাম্মদ মাসুম (৩৫), তাঁর স্ত্রী ফাতেমা আক্তার সুমি (৩০) এবং তাঁদের দুই শিশু সন্তান মিনহাজ (৪) ও আসাদ (২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পল্লবীর মিরপুর-১১ নম্বর সেকশনের ৩ নম্বর ওয়াপদা ভবনসংলগ্ন বিহারী ক্যাম্প এলাকায় একটি টিনশেড ঘর থেকে পরিবারের চারজনের নিথর দেহ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যবর্তী কোনো এক সময়ে ঘটনাটি ঘটে।


এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিহত পরিবারটি ভাড়াবাসায় বসবাস করতেন। মাসুম পেশায় রিকশাচালক ছিলেন এবং তাঁর স্ত্রী বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করতেন। পরিবারটি একাধিক সমিতি থেকে ঋণ গ্রহণ করেছিল বলে জানা গেছে।

প্রায়ই ঋণের কিস্তির জন্য লোকজন বাসায় আসতেন। স্থানীয়দের ধারণা, আর্থিক চাপ ও মানসিক সংকট থেকে কোনো উপায় না পেয়ে দম্পতি এমন চরম সিদ্ধান্তে পৌঁছাতে পারেন।
ঘটনার সঠিক কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর