ঢাকার দুই সিটি কর্পোরেশনের অধীনে লিথিয়াম ব্যাটারিচালিত অটোরিকশা বিক্রি বন্ধের দাবিতে আন্দোলনরত চালকরা নির্ধারিত আল্টিমেটাম দিয়ে সড়ক থেকে সরে গেছেন।
এর ফলে দীর্ঘ সময় বন্ধ থাকার পর সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়েছে।
আন্দোলনকারীরা জানান, আগামী ৩০ জানুয়ারির মধ্যে ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনকে লিথিয়াম ব্যাটারিচালিত রিকশা বিক্রি বন্ধের বিষয়ে কার্যকর নির্দেশনা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১ ফেব্রুয়ারি দুই সিটি কর্পোরেশনের কার্যালয় ঘেরাও করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
এই দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে উত্তর বাড্ডা এলাকা থেকে একটি মিছিল বের করেন অটোরিকশা চালকরা। মিছিলটি রামপুরা ব্রিজ পর্যন্ত গিয়ে শেষ হয়। কর্মসূচি শেষ করার পর তারা সড়ক ছেড়ে দেন।
সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৯টা থেকে যান চলাচল বন্ধ থাকা কুড়িল-রামপুরা সড়কে আন্দোলনকারীরা সরে যাওয়ার পর পুনরায় গাড়ি চলাচল শুরু হয়।
আন্দোলনকারীরা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে পরবর্তী কঠোর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে ডিএমপির বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিরুল আমিন জানান, আন্দোলনকারীরা স্বেচ্ছায় সড়ক ছেড়ে চলে যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে এলাকায় যান চলাচলে কোনো বাধা নেই।
এসআর
মন্তব্য করুন: