ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে দাদি, ফুফু ও এক প্রতিবেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার গদাধরডাঙ্গী গ্রামের খুশির বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত আকাশ (২৮) প্রথমে তার দাদি আমেনা বেগম (৭৫) ও ফুফু সালেহা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
তাদের চিৎকার শুনে এগিয়ে আসেন প্রতিবেশী কাবুল চৌধুরী (৪৯)। তাকেও আক্রমণ করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় আরও দুইজন—রিয়াজুল ইসলাম (৩৮) ও আরজিনা বেগম (৩৮)—গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তাদের চিকিৎসা চলছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, অভিযুক্ত আকাশ মানসিক সমস্যায় ভুগছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতীতে একটি হাসপাতালে কর্মরত থাকলেও মানসিক অসুস্থতার কারণে তার চাকরি চলে যায়।
ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এসআর