দেশের দুই জেলায় এক রাতে পৃথক ঘটনায় সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
সোমবার (২০ এপ্রিল) রাতে নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজন এবং কক্সবাজারের টেকনাফে তিনজনকে হত্যা করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি গ্রামে নিজ বাড়িতে একই পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন—হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০), ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার ভোরে হাবিবুরের বাবা ঘরের সামনে রক্ত দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করলে চারজনের মরদেহ দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হাবিবুর রহমান গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনার দিন সন্ধ্যায় হাট থেকে বাড়ি ফেরেন। ধারণা করা হচ্ছে, সঙ্গে থাকা নগদ অর্থ লুটের উদ্দেশ্যে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে পড়ে। এ সময় বাধা পেয়ে পরিবারের সদস্যদের হত্যা করা হতে পারে। ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিখোঁজ রয়েছে বলেও জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।
কক্সবাজার প্রতিনিধি:
অন্যদিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকার পাহাড়ি অঞ্চল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে।
নিহতরা হলেন—মজিদ, নুরুল বশর ও রবি। তারা স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, আগের রাতে ওই এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরে নিখোঁজ ব্যক্তিদের মরদেহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং কারা জড়িত তা শনাক্তে কাজ চলছে।
এসআর